পাকিস্তানের চাকরি ছেড়ে ৬৫ সহকর্মীসহ বাংলাদেশের পক্ষে আনুগত্য ঘোষণা
কলকাতায় গড়েন প্রথম ‘বাংলাদেশ মিশন’
অনলাইন ডেথ:
আজ ১৮ এপ্রিল। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে বিশিষ্ট কূটনীতিক এম হোসেন আলী-কে, যিনি ১৯৭১ সালে বিদেশের মাটিতে সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
কলকাতায় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন-এর পরপরই তিনি পাকিস্তান সরকারের প্রতি আনুগত্য ত্যাগ করেন। ১৮ এপ্রিল সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পক্ষে অবস্থান ঘোষণা করেন এবং লাল-সবুজের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন রাষ্ট্রের উপস্থিতি জানান দেন।
পরবর্তীতে কলকাতার পাকিস্তান ডেপুটি হাইকমিশন ‘বাংলাদেশ মিশন’-এ রূপান্তরিত হয়, যা মুক্তিযুদ্ধকালীন সময়ে আন্তর্জাতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়।
পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার পার ভাঙ্গুড়া গ্রামে ১৯২৩ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এম হোসেন আলী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর এবং করাচি বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে ডিগ্রি অর্জন করেন। ১৯৪৯ সালে সিভিল সার্ভিসে যোগ দিয়ে পাকিস্তান ফরেন সার্ভিসে কর্মজীবন শুরু করেন এবং বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
স্বাধীনতার পর তিনি তথ্য ও বেতার মন্ত্রণালয়ের সচিব, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এবং পরে যুক্তরাষ্ট্র, পশ্চিম জার্মানি ও কানাডায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮১ সালের ২ জানুয়ারি কানাডায় দায়িত্ব পালনরত অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে তাঁর অবদান এক উজ্জ্বল মাইলফলক হয়ে থাকবে।